ধান বীজের অঙ্কুরোদগম পরীক্ষা
ধান বীজের অঙ্কুরোদগম পরীক্ষা নিয়ে আলোচনা
ধান বীজের অঙ্কুরোদগম পরীক্ষা
বীজের মান যাচাই করার জন্য অর্থাৎ বীজ অঙ্কুরিত হয়ে সুস্থ চারা বের হবে কিনা তা জানার জন্য অঙ্কুরোদগম পরীক্ষা করা হয়। ধান বীজের ক্ষেত্রে অঙ্কুরোদগম ক্ষমতা কমপক্ষে শতকরা ৮০ ভাগ বা তার বেশি না থাকলে তাকে বীজ হিসেবে গণ্য করা হয়না ।
নিচের দুইটি পরীক্ষার মাধ্যমে অতি সহজে বীজের অঙ্কুরোদগম পরীক্ষা করা যায়।
বীজ বাক্স পদ্ধতিঃ
অঙ্কুরোদগম পরীক্ষার জন্য পক্ষপাতহীনভাবে ১০০টি বীজ নিতে হবে। এবার একটি মাটি, প্লাস্টিক বা কাঠের পাত্রে ভেজা বালি নিয়ে তার মধ্যে ২৪ ঘণ্টা ভেজানো ১০০ টি বীজ লাইন করে লাগাতে হবে। খেয়াল রাখতে হবে যাতে বালি শুকিয়ে না যায়। ধান বীজের জন্য ৫ দিন পর প্রথম এবং ১০-১৪ দিন পর চূড়ান্ত গণনা করতে হবে।
স্থানীয় বা দেশীয় পদ্ধতিঃ
মাটির পাত্রে বা ভেজা চটের মধ্যে ২৪ ঘণ্টা ভেজানো ১০০ টি বীজ রেখে দিতে হবে । এরপর আগের পদ্ধতির মত ৫ দিন পর প্রথম এবং ১০-১৪ দিন পর চূড়ান্তভাবে গজানো বীজ হিসাব করে অঙ্কুরোদগম হার বের করতে হবে।
কমপক্ষে ৮০টি সুস্থ সবল চারা পাওয়া গেলে তবে এ ধান বীজ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেয়া উচিত। অঙ্কুরিত বীজ সংখ্যা নির্ণয়ে কেবল স্বাভাবিক চারার হিসাব নিতে হবে। এই পরীক্ষার মাধ্যমে জমিতে কতটুকু বীজ লাগবে তা সঠিকভাবে নিরূপণ করা যায়।